তিন দিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার দেহ
দি নিউজ লায়ন ; তিনদিন ধরে নিখোঁজ থাকার পর পুকুর থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। মঙ্গলবার রায়গঞ্জ থানার বারোদুয়ারী সংলগ্ন নলপুকুর এলাকার বুড়াকামা গ্রামের ঘটনা। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতের নাম বিশু কর্মকার(৬০), বাড়ি ওই এলাকাতেই। এদিন দুপুরে রাস্তার ধারের একটি জলাশয়ে মৃতদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।
খবর পেয়ে ভিড় জমাতে থাকেন এলাকাবাসীরা। তবে প্রাথমিকভাবে শৌচক্রিয়া করতে গিয়েই তিনি জলে পড়ে মারা গেছেন এমনটা মনে করলেও তাকে কেউ রাতের অন্ধকারে খুনও করে থাকতে পারেন বলে এলাকাবাসীদের একাংশের সন্দেহ। যদিও পেশায় কামার ওই ব্যাক্তি মদ্যপান করলেও তেমনভাবে কারোর সাথে ঝগড়া বিবাদ হয়েছিল কিনা তা জানা যায়নি।
তবে ওই ব্যাক্তি বাড়ি থেকে গত তিনদিন ধরে নিখোঁজ থাকলেও তার বাড়ির লোকেরা কেন পুলিশে মিসিং ডায়েরি করেননি তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। যদিও এদিন স্থানীয়রাই মৃতদেহ সনাক্ত করে পুলিশে খবর দেন। রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

Post a Comment